নিজস্ব প্রতিবেদকঃ ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে একে অপরের বিরুদ্ধে অপ-প্রচার করছেন। এতে বিএনপি দূর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে কাঁচপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোন প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁ পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পিয়ার হোসেন নয়ন প্রমুখ।
