২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের ভর্তির আবেদনের ফল আগামী ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ফল বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশিত হবে। এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর (রোববার ও সোমবার) শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছিলেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ অধ্যক্ষদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত পর্যায়ে ভর্তির জন্য এ সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদন করতে হবে শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) প্রদত্ত নির্দেশিকা মেনে।
