দেশের স্বাস্থ্য শিক্ষার সংকট যেন কাটছেই না। সরকারি মেডিকেল কলেজগুলো ধুঁকছে অবকাঠামো ও শিক্ষক সংকটে। বিশেষ করে গত এক দশকে বিভিন্ন সময়ে স্থাপিত রাঙামাটি, নওগাঁ, নেত্রকোনা, নীলফামারী, মাগুরা, হবিগঞ্জ, চাঁদপুর মেডিকেল কলেজগুলোর বেহাল দশা।
বেশিরভাগ মেডিকেল কলেজের নেই নিজস্ব ভবন, আবাসন ব্যবস্থা, ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম। স্বাস্থ্য শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, হাতে-কলমে শিক্ষার ঘাটতি নিয়ে শুধু বই পড়েই চিকিৎসক হয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। নিজস্ব ক্যাম্পাস ও কিছু ক্ষেত্রে আবাসনসুবিধা না থাকায় শিক্ষার্থীদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের মানসম্মত চিকিৎসা পাওয়া নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে।
