Thursday, July 30, 2026
Homeঅপরাধনারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল, যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল, যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদকঃ দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে প্রকাশ্যে মশাল মিছিল করার ঘটনায় সাবেক এমপি গিয়াস উদ্দিনের অনুসারী সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বহিষ্কারাদেশ মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো হয়।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১ টায় যুবদলের ভেরিফাই পেইজে দেয়া বহিষ্কারাদেশে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করা এবং মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক অস্থিরতা তৈরির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো অপকর্ম বা ব্যক্তিগত কার্যকলাপের দায়-দায়িত্ব দল বহন করবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলের শীর্ষ পর্যায়ের এ সিদ্ধান্ত সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্রার্থী ঘোষণার পরও দলের প্রচার-প্রচারণায় বিরোধিতা করা এবং প্রকাশ্যে মশাল মিছিলে অংশ নেওয়ার ঘটনায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল বলে জানা যায়।

স্থানীয় যুবদলের একাধিক নেতা বলেন, দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মিছিল করে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তৃণমূল নেতাকর্মীরা তার আচরণে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। এই সিদ্ধান্তে সবাই স্বস্তি পেয়েছে।

সোনারগাঁ বিএনপির একাধিক নেতা বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন সময়ে প্রার্থী-বিরোধী মিছিল করা দায়িত্বজ্ঞানহীনের কাজ। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, শুনেছি আশরাফ প্রধান বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল করেছে তাই বহিষ্কার করা হয়েছে। ঘটনার খোঁজ খবর নিচ্ছি৷ আমরাও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ