নিজেস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ছোটন আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পিরুজপুর ইউনিয়নের মেঘনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ছোটন একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান তিনি।
শনিবার দুপুরে প্রতিষ্ঠানের মালামাল পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন তিনি। দুপুর ১টার দিকে মেঘনা সেতু এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতালে ছোটনকে নিয়ে আসা আসাদুল ইসলাম জানান, একটি অজ্ঞাতনামা বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।










