নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের দল, এ দল গণতন্ত্রের প্রতীক। দেশের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়, মুক্ত গণতন্ত্র চায়। তাই তারা অধীর আগ্রহে ধানের শীষে ভোট দেয়ার অপেক্ষায় আছে। কোনো ষড়যন্ত্রই ইনশাআল্লাহ বিএনপির অগ্রযাত্রা থামাতে পারবে না।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামপুর ইউনিয়ন বিএনপির নেতা হান্নান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেনের সঞ্চালনায় আজহারুল ইসলাম মান্নান বলেন, আজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে একটি অশুভ শক্তি তৎপর। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা দেশকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা সেই অন্ধকার দূর করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর।
তিনি বলেন, সোনারগাঁ স্বাধীনতার পর থেকেই একটি ঐতিহাসিক আসন। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই আসনের সঙ্গে সিদ্ধিরগঞ্জকে যুক্ত করা হয়েছে, যা সোনারগাঁবাসীর প্রতি অবিচার। তবে আমি সিদ্ধিরগঞ্জের মানুষকেও আপন মনে করি। যদি দল আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমার স্লোগান হবে “সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ ভাই ভাই, কোনো ভেদাভেদ নয়, একসাথে থাকতে চাই”।
মান্নান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। তারা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের ভুল তথ্য দিচ্ছে, ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করছে। আমি সবাইকে আহ্বান জানাই, এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। ইসলাম শান্তির ধর্ম, মিথ্যা প্রচারকারীরা ইসলামের শত্রু।
বিএনপি সব সময় জনগণের পাশে আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকারত্ব, দমন-নিপীড়নসহ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। জনগণই বিএনপির শক্তি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র ও আইনের শাসনের পথে ফিরবে।
সভা শেষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাইজুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ওমর ফারুক, উপজেলা বিএনপির ৩ নং সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হারুন রশীদ মিঠু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, জাসাসের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু প্রমুখ।
