পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি বিশেষ কক্ষে বন্দী আছেন, যা সাধারণত ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য নির্ধারিত থাকে। তাঁর পরিবার ও সমর্থকেরা অভিযোগ করছেন, তাঁকে অমানবিক পরিবেশে একঘরে করে রাখা হয়েছে, যা শারীরিক ও মানসিক নির্যাতনের শামিল।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ৭২ বছর বয়সী খান বর্তমানে ৯ ফুট বাই ১১ ফুটের একটি কক্ষে একাই অবস্থান করছেন। সমর্থকদের দাবি, তিনি ২২ ঘণ্টা ধরে প্রতিদিন একাকী বন্দী থাকেন। কারও সঙ্গে কথা বলার সুযোগ নেই, এমনকি আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎও যখন-তখন বাতিল করে দেওয়া হয়।
এ অবস্থায় ইমরান খানের দুই পুত্র সুলেমান ও কাসিম তাঁদের বাবাকে মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিশ্বনেতাদের প্রতি আবেদন জানিয়েছেন। কাসিম এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার বাবা একজন নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী। তাঁকে এমন সেলে রাখা হয়েছে যেখানে আলো, বাতাস বা সঠিক চিকিৎসা নেই। এটি শুধু আমাদের জন্য নয়, মানবাধিকারেরও বড় লঙ্ঘন।’a
