নিজেশ্ব
মসজিদ কমিটি নিয়ে বিরোধে যুবদল নেতা ও রোকন গংয়ের সংঘর্ষ, কুপিয়ে জখম ১
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতা ও মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হোসেন আলী নামে এক যুবদল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বস্তল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হোসেন আলীর পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হোসেন আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে হামলাকারীরা তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, হামলার সময় বাড়ি থেকে নগদ প্রায় ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। একই সঙ্গে হোসেন আলীর মা ও বোনদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বস্তল গ্রামের রোকন, মাসুদ ও তাদের বাবা জামাল উদ্দিনের নেতৃত্বে ভাড়াটে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়। হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, হকিস্টিক ও পিস্তল ছিল বলেও দাবি করেন তারা।
পরিবারের সদস্যরা জানান, হোসেন আলী বিএনপির যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। মসজিদ কমিটি নিয়ে বিরোধ এবং পূর্বশত্রুতার জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তাদের অভিযোগ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত রোকন, মাসুদ ও জামাল উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
ঘটনার বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তা জানানো হবে
