নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল হোসেনের ছেলে ও বিএনপি নেতা মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, যারা আমার বাবাকে হত্যার সঙ্গে জড়িত, তারাই এখন একটি দলের সঙ্গে আঁতাত করে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এক প্রতিবাদী বিবৃতিতে মাসুম বিল্লাহ বলেন, আমার বাবা’র খুনের সাথে জড়িত চক্রই এখন আমার দল ও আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, আমি অতীতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলাম, এখনও আছি। কিন্তু বর্তমানে একটি মহল আমার বক্তব্য বিকৃত করে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন কথা সংযুক্ত করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এটি সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা। আমি আইনকে শ্রদ্ধা করি। তাই খুব শিগগিরই আমি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
