Home / গণমাধ্যম / সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ।

নিউজ ডেস্ক :

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হরিহরদীতে কুয়েত প্রবাসী ওসমান হোসেন ও তাঁর ভাইদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

এ সময় বক্তারা হরিহরদী গ্রামের কমিজউদ্দিনের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাঁর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রবাসী ওসমান হোসেন ও তাঁর ভাইদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জমি দখলের বিষয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের অভিযোগ, ওসমান ও তাঁর ভাইয়েরা প্রবাসে থাকার সুযোগে স্থানীয় আমির হোসেন তাঁদের জমি জোরপূর্বক দখল করে ভোগ করছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা।

এলাকাবাসীর আরও অভিযোগ, আমির হোসেনই প্রবাসী ওসমান হোসেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে মিথ্যা সংবাদ ও অপপ্রচার চালিয়েছেন।

এ ছাড়া আমির হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের দপ্তরি পদে চাকরি করার সুবাদে বিদ্যালয়ের আশপাশের এলাকার নারীদের বিভিন্ন সময় উত্ত্যক্ত করার অভিযোগও তোলেন স্থানীয়রা। পাশাপাশি তিনি জুয়ায় আসক্ত এবং বিদ্যালয়ের বেঞ্চের লোহা বিক্রি করে দেওয়া ও বেঞ্চগুলো নিজের বাড়ি ও দোকানে নিয়ে ব্যবহারের অভিযোগও করেন তাঁরা।

এসব অভিযোগের সুষ্ঠ তদন্ত ও প্রতিকারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করে অভিযুক্ত আমির হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি প্রকাশ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আমির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *