নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় অবস্থিত মা হাসপাতাল নামে একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়টি শনাক্ত করা হয়। এসময় স্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট অভিযান সূত্র জানায়, হাসপাতালটির ওষুধ সংরক্ষণের স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের কারণে প্রচলিত আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আইন ও বিধিবিধান মেনে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এসময় তিনি জানান, চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারি করা হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের অবহেলা বা অনিয়মের ছাড় দেওয়া হবে না।তিনি আরো জানান এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে সরকারি বিধি অনুসরণ করে চিকিৎসাসেবা দিতে হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার বা সংরক্ষণ এবং প্রয়োজনীয় অনুমোদনের ঘাটতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকালীন সময় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।









