নারায়নগঞ্জ সোনারগাঁয়ে ঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭-১০-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা পূজার সময় মন্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানানো হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,পৌর বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোতালেব সারেক কাউন্সিলর , সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও বিএনপি নেতা হারুন অর রশীদ মিঠু প্রমূখ।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলা-উপজেলা পর্যায়েও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।










