নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের ত্রিবর্দী এলাকার একটি রেস্তোরাঁয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজীব।
এসময় তিনি বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি তারেক রহমানের ভ্যানগার্ড ও গণতন্ত্র পুনরুদ্ধার- আন্দোলনের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।
যুবদল হচ্ছে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের তরুণ প্রজন্ম আজ বুঝে গেছে, তারেক রহমানই আগামী দিনের আশা, তাঁর নেতৃত্বেই একদলীয় শাসনের হাত থেকে এ দেশ মুক্ত হবে। সভায় তিনি জেলা ও উপজেলা পর্যায়ের সকল যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন সময় ঐক্যের, সময় জনগণের পাশে দাঁড়ানোর। যেভাবে শহীদ জিয়া দেশের স্বাধীনতা এনেছিলেন, সেভাবেই তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিরিয়ে আনব গণতন্ত্র ও জনগণের অধিকার।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠুর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সকল সদস্য, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক তরুণ কর্মী। সভা শেষে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
