Friday, July 31, 2026
Homeঅপরাধসোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ব্লেড সজিব গ্রেপ্তার

সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ব্লেড সজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ব্লেড সজীবকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় র‌্যাব-১১ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাকৃত শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ব্লেড সজীব উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মোঃ শহিদুল্লাহর ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি ছুরি, ১টি সুইচ গিয়ার, ১টি লেজার লাইট এবং ১টি ইলেকট্রিক শকার উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত সজীব ওরফে ব্লেড সজীব (২২) এর বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ, অস্ত্র-সহ প্রায় ১০টি মামলা রয়েছে। সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১ কাছে একটি অভিযান প্রত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর নিজস্ব গোয়েন্দা নজরদারী ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ ডাকাত ব্লেড সজীব এর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ জানায়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর এক নারী গণধর্ষণের শিকার হন। পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী সোনারগাঁ থানায় একটি এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ভুক্তভোগী নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় ভিকটিমের দেবরকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান।

তার দেবর ও নারী রাতে সিএনজিযোগে সোনারগাঁ পৌরসভার কৃষ্ণপুরা এলাকায় তার খালাতো ভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় সজীব দলবল নিয়ে তাদের বহনকারী সিএনজি গতিরোধ করে। একপর্যায়ে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। তাদের মারধর করে নগদ টাকা এবং স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর সজীব ও তার সহযোগীরা মিলে ভিকটিমের দেবরকে অন্য একটি কক্ষে আটকে রেখে ভুক্তভোগী ওই নারীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনার পর থেকে সজীব পলাতক ছিল। র‌্যাব-১১ জানায় শীর্ষ সন্ত্রাসী সজীবকে গ্রেপ্তারের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ