দেশের ব্যাংক খাতের দুর্বলতা মূলত ‘সুশাসনের অভাব থেকে উদ্ভূত, শুধু বহিরাগত অর্থনৈতিক আঘাত থেকে নয়’ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ও পরিচালক ড. মো. মাঈন উদ্দিন। তিনি বলেছেন, ব্যাংক খাতের সংস্কারপ্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও ঋণসংক্রান্ত সিদ্ধান্তে বাইরের প্রভাব থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটরিয়ামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন (আইসিবিটি ২০২৫) সমাপ্তিতে তিনি এসব কথা বলেন।
সম্মেলনটি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেনের যৌথ উদ্যাগে আয়োজন করা হয়।
ঢাবির ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ব্যাংক এশিয়ার এমডি সোহাইল আর কে হোসেন, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, পূবালী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ আলী, মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতি উল হাসান প্রমুখ।
