Friday, July 31, 2026
Homeঅপরাধবৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)কে গ্রেপ্তার করেছে সিআইডি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ২টার দিকে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

গ্রেপ্তারকৃত আমিন মৃত নজরুল ইসলাম ও রেহানা ইসলামের সন্তান। সূত্রাপুর থানায় (ডিএমপি) দায়ের করা হত্যা মামলা (মামলা নং-০১, তারিখ ০১/০৯/২০২৪ খ্রি., ধারা ৩০২/১২০(বি)/১০৯/৩৪ পেনাল কোড) তদন্তে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

এ ঘটনায় নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিনও আরেকটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত হেদায়েতুল ইসলাম আমিনকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ড আবেদন করা হবে।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ