নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে “মনোনয়ন–বঞ্চিত” বিতর্কিত ৭ নেতার অপ-প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ জুড়ে তীব্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত ৯ ঘটিকা হইতে ১১ ঘটিকা পর্যন্ত একযোগে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের মোগরাপাড়া চৌরাস্তা, কাঁচপুর, সাদীপুর, জামপুর, পাশাপাশি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও বাজারঘেঁষা পয়েন্টে এসব বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও কৃষকদলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার–ফেস্টুন ও মাশাল নিয়ে মিছিলে অংশ নেয়।
তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন মাঠে থেকে ত্যাগ-সাহসিকতার সঙ্গে রাজনীতি করা জনপ্রিয় নেতা মান্নানের গ্রহণযোগ্যতা ব্যাহত করতে মনোনয়ন–বঞ্চিত কিছু বিতর্কিত নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তাদের এই কর্মকান্ড সাধারণ নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে।
আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে বিএনপির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ব্যক্তি দলের ভেতরে বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছি বলেন জানান একাধিক যুবদল নেতা।
মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মান্নান সাহেব কেন আপনারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সাথেই পারবেননা। আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে মাত্র ষড়যন্ত্র শুরু করেছেন তাতেই সারা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ জুড়ে প্রতিবাদে নেমেছে নেতাকর্মী ও সাধারণ জনগণ। যদি প্রকৃত বিএনপি ও ধানের শীষের কান্ডারী হয়ে থাকেন তাহলে দল যাকে মনোনীত করেছে তার পক্ষে ধানের শীষের প্রচারণা করুন।
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা ঘোষণা দেন, মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকলে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ জুড়ে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে এবং তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মান্নানের পক্ষে মাঠে নামবে।
