Friday, July 31, 2026
Homeজাতীয়জাতি সংকটে পড়লে জনগণের ঐক্যেই মুক্তির পথ দেখায়: আজহারুল ইসলাম মান্নান

জাতি সংকটে পড়লে জনগণের ঐক্যেই মুক্তির পথ দেখায়: আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আত্মোৎসর্গ করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়, যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন৷

মান্নান বলেন, যুবকরাই হচ্ছে জাতির প্রাণশক্তি। আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন। আমরা চাই যুব সমাজকে সংগঠিত করে দেশের প্রতিটি ঘরে-ঘরে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল, এই দলের মূল শক্তি হলো মানুষ, আর সেই মানুষই আমাদের আন্দোলনের প্রাণ।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, বিএম ডালিম, সাদিকুর রহমান সেন্টু, জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী ও আরিফ হোসেন বাবু প্রমুখ।

র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তাসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়। কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা এলাকা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ