Home / অপরাধ / সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেপ্তার

নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আমগাঁও ব্রীজ এলাকা থেকে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাদিকুল ইসলাম শুভ জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়নে বিএনপির সহ-প্রচার সম্পাদক। গতকাল শুক্রবার রূপগঞ্জের কান্দাপাড়া গ্রামে তার বিয়ে হওয়ার কথা ছিল।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এইচএম জসীমউদ্দীনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ এশিয়ান হাইওয়ে সড়কের আমগাঁও ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মো. সাদিকুল ইসলাম শুভর গতিরোধ করে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা এক বোতল বিদেশী মদসহ তাকে আটক করে। গতকাল শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

তার বাবা বিএনপি নেতা নজরুল ইসলামে দাবি, গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে তার ছেলে শুভ’র কিছু বন্ধু আনন্দ ফুর্তি  করার জন্য তাকে এ মদ আনার দাবি করে। এক বোতল বিদেশী মদ নিয়ে আসার পথে তাকে পুলিশ আটক করে। তবে এ মদের বিষয়ে তার পরিবার অবগত নয়। তার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কে অপরাধী তার রাজনৈতিক পরিবার বা বিয়ে দেখার সুযোগ নাই। আইন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবে। বিদেশি মদসহ গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *