Tuesday, July 28, 2026
Homeরাজনীতিসোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন এমপি মান্নান

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বিডিআরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি মান্নান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুর্দিনে আমি তাদের পাশে আছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেবো। কেউ যেন অসহায় অবস্থায় না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী বলেন, মোট তিনজন বাড়ির মালিকের ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ