নিজস্ব প্রতিবেদকঃ দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ পুরনো কায়দায় আগুন সন্ত্রাসীতে মেতে উঠেছে, এমন অভিযোগ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোন সময় মাঠে থাকবে। আওয়ামী লীগের নাশকতা ও দমন-পীড়নের বিরুদ্ধে আমরা জনগণের পাশে আছি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে বিএনপি অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিবর্দী গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে মান্নান বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়ে এখন ভয়-ভীতি আর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে পূনরায় ক্ষমতায় যেতে চায়, কিন্তু বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে এক ইঞ্চি পিছিয়ে যাবে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, নিজাম-উদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, নোবেল মীর, সাদিকুর রহমান সেন্টু, আরিফ হোসেন বাবু, সোহেল রানাসহ হাজার হাজার নেতাকর্মী।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
