দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। ওনার জন্য দোয়া করিয়েন।’
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
