আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকার কার্যক্রম। তবে জন্ম নিবন্ধন না থাকলে শিশু এই টিকা পাবে না। একদিকে টিকা নেওয়ার চাপ, অন্যদিকে জন্ম নিবন্ধন করতে গিয়ে অনলাইন সেবায় ভোগান্তি— সব মিলিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। ডিজিটাল সেবার নামে চলছে প্রহসন, বাধ্য হয়ে দোকানদারদের কাছে দিতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া নাগরিকদের জন্য একটি মৌলিক সেবা। কিন্তু বাস্তবে এটি এখন এক বিশাল যন্ত্রণার নাম। ডিজিটাল সেবার কথা বলে সহজ আবেদন ব্যবস্থা চালুর ঘোষণা বহু আগেই এসেছে, তবে বর্তমানে তা রূপ নিয়েছে অব্যবস্থাপনা ও অনিয়মের চূড়ান্ত উদাহরণে। জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে গেলেই বাধা হয়ে দাঁড়াচ্ছে ওয়েবসাইটের ওটিপি ব্যবস্থা। নাগরিকরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও ওয়ান টাইম পাসওয়ার্ড পাচ্ছেন না। সিস্টেম বারবার হ্যাং করে, আবেদন সম্পন্ন হচ্ছে না। এর ফলে সাধারণ মানুষ বাধ্য হন বেসরকারি দোকান বা এজেন্টদের দ্বারস্থ হতে।
ঢাকার রূপগঞ্জের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমার সন্তানের জন্মনিবন্ধনের জন্য ওয়েবসাইটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেছি, ওটিপি আসেনি। শেষমেশ বাধ্য হয়ে ৩৫০ টাকা দিয়ে বাসার পাশের দোকান থেকে আবেদন করেছি।’
